সারাবিশ্ব

সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের পাসপোর্টের আবেদন প্রক্রিয়ায় নতুন শর্ত যুক্ত করার উদ্যোগ নিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। নতুন নিয়ম কার্যকর হলে শিশুর পাসপোর্টের জন্য বাবা-মায়ের নাগরিকত্ব অথবা যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের প্রমাণ জমা দিতে হতে পারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ সীমিত করার উদ্যোগের অংশ হিসেবে এই নিয়মের খসড়া তৈরি করা হয়েছে।

প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, সন্তানের পাসপোর্টের আবেদন করার সময় বাবা-মাকে নিজেদের বৈধ পাসপোর্ট, জন্মসনদ, গ্রিন কার্ডসহ যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বা বৈধ অবস্থানের প্রমাণ দেখাতে হতে পারে। বর্তমানে শিশুর জন্মসনদ এবং বাবা-মায়ের ছবিযুক্ত পরিচয়পত্র দেখালেই পাসপোর্টের আবেদন করা যায়।

ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগের অন্যতম লক্ষ্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে বিদেশিদের ভ্রমণ বন্ধ করা। অনেক বিদেশি নারী গর্ভাবস্থায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেন, যাতে জন্মসূত্রে শিশুটি মার্কিন নাগরিকত্ব পায়। নতুন উদ্যোগে এ ধরনের সুযোগ সীমিত করার পাশাপাশি বিদেশি সরকারের কর্মচারী ও নিয়ম ভঙ্গকারীদের সন্তানদের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রেও কড়াকড়ির কথা বলা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দেশটির নাগরিকত্বের মর্যাদা ও মান বজায় রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগের বিরুদ্ধে আদালতে আইনি লড়াই শুরু হয়েছে। আইনজীবীরা বিচারকদের কাছে নতুন নিয়ম কার্যকর না করার আবেদন জানিয়েছেন। এখন পর্যন্ত আদালত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।

সূত্র: রয়টার্স।