সারাবিশ্ব
আমাদের নজর এড়িয়ে বাথরুমেও যেতে পারে না ইরানিরা: ট্রাম্প
ইরানের প্রতিটি কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের নিবিড় নজরদারিতে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি যুক্তরাষ্ট্রের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সব কর্মকাণ্ডই যুক্তরাষ্ট্রের নজরে রয়েছে। একই সঙ্গে প্রয়োজন হলে ইরানে আবারও হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলেও সতর্ক করেন তিনি।
তবে দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা দীর্ঘস্থায়ী হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভয়াবহ হামলা-পাল্টা হামলায় ইরানে ১৮ জন নিহত এবং অন্তত ১০৮ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তেহরানের অভিযোগ, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে সামরিক স্থাপনার পাশাপাশি একটি বিয়ের অনুষ্ঠানেও হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
জবাবে ট্রাম্প দাবি করেন, ইরানে কঠোর হামলা চালানোর পাশাপাশি হরমুজ প্রণালির ওপরও যুক্তরাষ্ট্র শক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, সমুদ্রপথে মাইন স্থাপনে সক্ষম রকেট ও নতুন ধরনের রাডার ব্যবস্থা তৈরি করছিল ইরান। যুক্তরাষ্ট্রের হামলায় এসব স্থাপনা ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি। সামরিক পদক্ষেপের পাশাপাশি ইরানের অর্থনৈতিক অংশীদারদের বিরুদ্ধেও নতুন নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে পাল্টা অবস্থান নিয়েছে ইরানও। কুয়েত, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইরাকের কুর্দিস্তান অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান।
ইরানের নিরাপত্তাবিষয়ক প্রধান মোহসেন রেজাইও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, তাদের দেশ নতুন কৌশল গ্রহণ করেছে। এই কৌশলের মাধ্যমে শত্রুর ঘাঁটি ও ভিত্তি গুঁড়িয়ে দেওয়ার সক্ষমতা দেখানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।