সারাবিশ্ব
ট্রাম্পকে হত্যার হুমকি, লস অ্যাঞ্জেলেসে গ্রেপ্তার এলজিবিটিকিউ অধিকারকর্মী
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বেঞ্জামিন আজরিয়াহ সাউথওয়ার্থ নামে লস অ্যাঞ্জেলেসভিত্তিক এক পডকাস্টার ও এলজিবিটিকিউ অধিকারকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে লস অ্যাঞ্জেলেসের ওয়েস্টলেক এলাকায় নিজ বাসা থেকে ৪০ বছর বয়সী সাউথওয়ার্থকে গ্রেপ্তার করা হয়। তিনি একসময় টেলিভিশনে কাজ করতেন এবং খ্রিষ্টান যুব অনুষ্ঠান ‘দ্য রিমিক্স’ ও ‘ইয়াস, জিসাস!’ অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন।
মার্কিন ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি বিল এসাইলি সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মাটিতে রাজনৈতিক সহিংসতা কিংবা কোনো ধরনের হুমকি বরদাশত করা হবে না। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।
প্রসিকিউটরদের অভিযোগ, গত ৩১ মার্চ সাউথওয়ার্থ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে সমকামী রূপান্তর থেরাপি নিয়ে সুপ্রিম কোর্টের একটি রায়ের সমালোচনা করার পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বান জানান তিনি।
এর কয়েক দিন পর প্রকাশিত আরেকটি ভিডিওতে ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে তাকে ছুরিকাঘাত করার অভিনয় করতেও দেখা যায় সাউথওয়ার্থকে বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীর পরিবারের ঠিকানা ও ফোন নম্বর প্রকাশ করে হয়রানি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। প্রসিকিউটররা আরও দাবি করেছেন, গত ২৫ এপ্রিল হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে বন্দুকধারীর হামলার ঘটনার সঙ্গে সম্পর্কিত আরও কিছু হুমকির প্রমাণ পাওয়া গেছে।
এসব অভিযোগের ভিত্তিতে সাইবার অপরাধ, প্রেসিডেন্টকে হুমকি এবং ফোনে হয়রানির অভিযোগে ফেডারেল গ্র্যান্ড জুরি সাউথওয়ার্থকে অভিযুক্ত করেছে। এর মধ্য দিয়ে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।