সারাবিশ্ব

ইরান যুদ্ধের মেয়াদ বাড়ছে, ২০২৭ পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েন


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ এএম

ইরান যুদ্ধের মেয়াদ বাড়ছে, ২০২৭ পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েন
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ হওয়ার পরিবর্তে আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের মোতায়েনের সময়সীমা ২০২৭ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামরিক বিকল্প খোলা রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে স্বল্পমেয়াদি অভিযান এবং দ্রুত সংঘাতের অবসানের লক্ষ্য থাকলেও বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তাদের সঙ্গে রয়েছে ১৯টি যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, বিমান প্রতিরক্ষা ইউনিট ও প্যারাট্রুপার।

এদিকে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন সেনা ও নৌবাহিনীর বিভিন্ন ইউনিটের দায়িত্ব পালনের মেয়াদও বাড়ানো হয়েছে। আগে অনেক ইউনিটের মোতায়েনের মেয়াদ ছিল নয় মাস। এখন তা বাড়িয়ে ১২ মাস পর্যন্ত করা হয়েছে। কোনো কোনো ইউনিট এরই মধ্যে এক বছরের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে।

দীর্ঘমেয়াদি এই মোতায়েনের কারণে মার্কিন সেনাসদস্য, তাদের পরিবার এবং সামরিক সরঞ্জামের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সামরিক তৎপরতার পাশাপাশি তেহরানের ওপর অর্থনৈতিক চাপও বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন। ইরানকে পরমাণু কর্মসূচি থেকে সরে এসে আলোচনায় ফেরাতে নিষেধাজ্ঞা আরও কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন।

ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। অর্থনৈতিক সংকটের কারণে ইরান একটি অনিবার্য পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

এদিকে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে থাকায় যুদ্ধের বিস্তৃতি নিয়ে ট্রাম্পের সহযোগীদের মধ্যে রাজনৈতিক উদ্বেগ তৈরি হয়েছে। তবে ট্রাম্প জানিয়েছেন, নির্বাচনকে সামনে রেখে তিনি যুদ্ধসংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না।

এরই মধ্যে বুধবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেকোনো সময় ইরানে আবারও হামলা চালাতে প্রস্তুত ওয়াশিংটন। তার দাবি, মার্কিন নজরদারি এড়িয়ে ইরান কোনো পদক্ষেপ নিতে পারছে না।

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও সামরিক সরঞ্জামের মোতায়েন ২০২৭ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তুতি থেকে স্পষ্ট হচ্ছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা দ্রুত শেষ হওয়ার সম্ভাবনার চেয়ে সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাই এখন বেশি।