সারাবিশ্ব

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ২, আহত অন্তত ১০


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:০৪ পিএম

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ২, আহত অন্তত ১০
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে একটি ব্যস্ত যুব ফুটবল মাঠে ট্রাক ঢুকে পড়ে প্রাণ হারিয়েছেন ছয় বছর বয়সী এক শিশুসহ দুজন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে শহরের স্ট্রাইকার স্পোর্টস কমপ্লেক্সে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকচালক ৩৪ বছর বয়সী এক নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

উইচিটা পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ট্রাকটি কমপ্লেক্সের পশ্চিম প্রান্তে অবস্থিত একটি ব্যস্ত ফুটবল মাঠে ঢুকে পড়ে। এতে মাঠে উপস্থিত খেলোয়াড়, শিশু ও অন্যান্য ব্যক্তিরা হতাহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছয় বছর বয়সী এক বালক এবং ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের মধ্যে পাঁচ ও আট বছর বয়সী চার শিশু, নয় বছর বয়সী আরও এক শিশু এবং পাঁচজন প্রাপ্তবয়স্ক রয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা গুরুতর হলেও প্রাথমিক তথ্য অনুযায়ী, কারও আঘাত আপাতত প্রাণঘাতী নয়। এ ছাড়া শারীরিক অসুস্থতার কারণে আরও একজন প্রাপ্তবয়স্ককে হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় ট্রাকটিতে ওই নারী চালকের সঙ্গে আরও দুজন অপ্রাপ্তবয়স্ক শিশু ছিল। চালকের নিজের এক সন্তান ওই ক্রীড়া কমপ্লেক্সের অন্য একটি মাঠে ফুটবল খেলছিল। তবে কী পরিস্থিতিতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে প্রবেশ করে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

উইচিটা পুলিশের প্রধান জো সালিভান জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। ঘটনার পর ট্রাকচালক ওই নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন বলেও জানিয়েছে পুলিশ। তবে দুর্ঘটনার পেছনে চালকের কোনো ভুল, যান্ত্রিক ত্রুটি কিংবা অন্য কোনো কারণ ছিল কি না, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে, মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছেন উইচিটা শহরের মেয়র লিলি উ। তিনি ঘটনাটিকে হৃদয়বিদারক বলে বর্ণনা করেন। মেয়র বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে শিশুদের খেলা দেখতে এসে এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা কেউ কল্পনাও করেননি।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ হলে দুর্ঘটনার কারণ এবং এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।