সারাবিশ্ব
ইরান যুদ্ধে বড় ধরনের ব্যর্থতা স্বীকার করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
ইরানের সঙ্গে যুদ্ধ পরিচালনায় বেশ কিছু ভুল ও বড় ধরনের ব্যর্থতা ছিল বলে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যুদ্ধের কারণে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতি বাড়তে থাকায় সিবিএস নিউজের একটি অনুষ্ঠানে তাকে এসব বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হয়।
অনুষ্ঠানে জোয়ি আমর নামে এক ব্যক্তি অভিযোগ করেন, যুদ্ধের শুরুতে কুয়েতে একটি সামরিক স্থাপনায় ইরানের হামলায় নিহত ছয় মার্কিন সেনার মধ্যে তার স্ত্রী নিকোল আমরও ছিলেন। ওই স্থাপনার নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প প্রশাসনের কাছে জবাবদিহি দাবি করেন তিনি।
জবাবে জেডি ভ্যান্স বলেন, কিছু তথ্য তার কাছে যথাসময়ে পৌঁছায় না। তবে প্রতিটি ব্যর্থতাকে তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেবেন। যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত অন্তত ২১ জন মার্কিন সেনা নিহত এবং কয়েক শ সেনা আহত হয়েছেন।
ভ্যান্স আরও স্বীকার করেন, সামরিক ঘাঁটিতে সেনাদের অবস্থান নির্ধারণের ক্ষেত্রে বড় ধরনের ভুল ছিল। এসব দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
স্বল্পমূল্যের ড্রোনের ক্রমবর্ধমান হুমকির কথাও উল্লেখ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। সেনাদের সুরক্ষা নিশ্চিত করা এবং প্রাণহানি কমাতে সামরিক কৌশলে পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশা অনুযায়ী যুক্তরাষ্ট্র এখনো কেন চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেনি, এমন প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নির্ণায়ক সাফল্য পেয়েছে। তবে যুদ্ধের চূড়ান্ত ফলাফল ইরানের পদক্ষেপের ওপরও নির্ভর করছে।
ভ্যান্স বলেন, ইরান যাতে নতুন করে পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে না পারে, সে বিষয়ে দেশটির কাছ থেকে চূড়ান্ত ও দৃঢ় অঙ্গীকার আদায় করতে চায় ওয়াশিংটন।
সূত্র: আনাদোলু এজেন্সি