আইন আদালত

দুদকের মামলায় বেকসুর খালাস পেলেন বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০১:৩৪ পিএম

দুদকের মামলায় বেকসুর খালাস পেলেন বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।

রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন এ্যানি চৌধুরী ও তার আইনজীবীরা— মহি উদ্দিন চৌধুরী, জামাল হোসেন, তানজীম চৌধুরী ও খায়রুল ইসলাম লিটন। এর আগে গত ১৬ জুলাই যুক্তিতর্ক শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন।

 

any-Dhaka Prokah News-23-07-2025.jpg
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

২০১৪ সালের ৯ অক্টোবর রাজধানীর রমনা থানায় দুদকের উপপরিচালক মো. মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

অভিযোগে বলা হয়, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার সম্পদের তথ্য গোপন করেন।

এ ছাড়া অনুসন্ধানে দেখা যায়, তিনি ১ কোটি ৪০ লাখ ৪২ হাজার ৬৭০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে দুদক দাবি করে।

মামলার এজাহারে আরও বলা হয়, জমি রেজিস্ট্রেশনের ফি হিসেবে ৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকা এবং লক্ষ্মীপুরের কুশখালী এলাকায় একটি স্কুলে অনুদান বাবদ ১০ লাখ টাকা—এই দুই মিলিয়ে মোট ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার সম্পদের তথ্য তিনি গোপন করেন, যা দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ।

এ্যানির দেওয়া তথ্য অনুসারে, তার স্থাবর, অস্থাবর ও অপ্রদর্শিত সম্পদ মিলিয়ে মোট সম্পদের পরিমাণ ৩ কোটি ৭৫ লাখ ৩৫ হাজার ২৬৬ টাকা, যার মধ্যে দায় রয়েছে ৫০ লাখ টাকা। দায় বাদ দিয়ে নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৩ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ২৫৭ টাকা। অথচ ২০১৩ সালের ৩০ জুনের বিবরণীতে তার সম্পদ দেখানো হয়েছিল ১ কোটি ৭৬ লাখ ৯১ হাজার ৫৮৭ টাকা।

তবে রাষ্ট্রপক্ষ এসব অভিযোগ সুস্পষ্টভাবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আদালত শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে বেকসুর খালাস দেন।

রায়ের পর আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থী আইনজীবী ও নেতাকর্মীদের মধ্যে স্বস্তি প্রকাশ দেখা যায়।