আইন আদালত

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি পেছাল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০১:১০ পিএম

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি পেছাল
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে আবদুল কাইয়ুম হত্যা মামলা বাতিল ও জামিন চেয়ে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের করা আবেদনের শুনানি পেছানো হয়েছে। হাইকোর্টের অবকাশকালীন ছুটি শেষে আগামী ২৬ অক্টোবর শুনানি অনুষ্ঠিত হবে।

রোববার হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। তবে আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন দিন নির্ধারণ করা হয়েছে।

গত ১১ আগস্ট খায়রুল হকের পক্ষে করা আবেদনের শুনানিকে কেন্দ্র করে আদালতকক্ষে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছিল। সেদিন আদালত শুনানির জন্য ১৭ আগস্ট দিন ধার্য করেছিলেন।

২০১৮ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়, ১৮ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় নিহতের বাবা আলাউদ্দিন ৬ জুলাই যাত্রাবাড়ী থানায় স্বৈরাচার শেখ হাসিনাসহ ৪৬৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় খায়রুল হককেও আসামি করা হয়।

গত ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। একইদিন রাতেই তাকে কারাগারে পাঠানো হয়। ২৯ জুলাই তত্ত্বাবধায়ক সরকারবিরোধী অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় করা মামলায় খায়রুল হককে ভার্চুয়ালি গ্রেফতার দেখানো হয়। শাহবাগ থানার মামলায় আদালত তাকে সাত দিনের রিমান্ডে পাঠায়, যেখানে দুর্নীতি, বেআইনি রায় প্রদানের অভিযোগসহ জাল রায় তৈরির অভিযোগ ওঠে।