আইন আদালত

খালেদা জিয়াকে ৫ বছর সাজা দেওয়া সেই বিচারপতির পদত্যাগ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৩৬ পিএম

খালেদা জিয়াকে ৫ বছর সাজা দেওয়া সেই বিচারপতির পদত্যাগ
ড. মো. আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেওয়া বিচারপতি ড. মো. আখতারুজ্জামান হাইকোর্ট থেকে পদত্যাগ করেছেন। রবিবার (৩১ আগস্ট) প্রধান বিচারপতির কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। পরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন।

অনিয়মের অভিযোগে বিচারপতি আখতারুজ্জামান সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্তের আওতায় ছিলেন। তাকে ব্যাখ্যা দেওয়ার জন্য গত ১ জুলাই কাউন্সিলের সামনে সশরীরে হাজির হতে বলা হয়। তিনি সেখানে উপস্থিত হয়ে নিজের অবস্থান তুলে ধরেন এবং ব্যাখ্যা দেওয়ার পরই পদত্যাগের সিদ্ধান্ত নেন।

প্রসঙ্গত, বিচারপতি আখতারুজ্জামান ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বহুল আলোচিত ‘জিয়া অরফানেজ ট্রাস্ট’ দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। একই মামলায় তারেক রহমানসহ আরও পাঁচ আসামিকে দশ বছরের সাজার রায় ঘোষণা করেন তিনি। ওই রায় দিয়েই বিচারপতি আখতারুজ্জামান জাতীয় রাজনীতিতে বিশেষভাবে আলোচিত হয়ে ওঠেন।

এর আগে চলতি বছরের ১৬ অক্টোবর হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতির বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে, যাদের মধ্যে আখতারুজ্জামানও ছিলেন। অভিযোগ ছিল, তারা দুর্নীতি ও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আচরণের মাধ্যমে বিচার বিভাগের নিরপেক্ষতা ক্ষুণ্ন করেছেন এবং ক্ষমতাসীন সরকারের ঘনিষ্ঠ হিসেবে কাজ করেছেন।

এই অভিযোগের ভিত্তিতে প্রধান বিচারপতির নির্দেশে ওই ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানো হয় এবং তাদের আদালতের বেঞ্চ বরাদ্দ স্থগিত করা হয়। একইসঙ্গে রাষ্ট্রপতির অনুমোদনে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে।

তালিকাভুক্ত অন্য বিচারপতিরা হলেন- নাইমা হায়দার, শেখ হাসান আরিফ, আশীষ রঞ্জন দাস, মোহাম্মদ খুরশীদ আলম সরকার, এস এম মনিরুজ্জামান, আতাউর রহমান খান, শাহেদ নূর উদ্দিন, মো. আমিনুল ইসলাম, এস এম মাসুদ হোসেন দোলন, খিজির হায়াত এবং খোন্দকার দিলীরুজ্জামান।

আখতারুজ্জামান তাদের মধ্য থেকে প্রথম বিচারপতি, যিনি তদন্ত চলাকালীন অবস্থায় পদত্যাগ করলেন।