আইন আদালত
ক্যাসিনোকাণ্ডের সেলিম প্রধানসহ ৯ জন কারাগারে
রাজধানীর গুলশান থানায় দায়ের করা মাদক মামলায় আলোচিত ক্যাসিনোকাণ্ডের মূল হোতা সেলিম প্রধানসহ ৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ আদেশ দেন।
কারাগারে পাঠানো অন্য আট আসামি হলেন- রাকিবুল ইসলাম রাফি, সাদিকুল ইসলাম সুমন, তৌফিকুল ইসলাম, রিফাত হাসান, রবিউল হাসান, মিনহাজুর রহমান তাজবীর, মেহেদী হাসান ও সাইমুম ইসলাম।
গুলশান থানার উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান আসামিদের আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষ জামিন আবেদন করলেও বিচারক তা নামঞ্জুর করেন।
৫ সেপ্টেম্বর (শুক্রবার) দিবাগত রাতে গুলশানের বারিধারায় 'নেক্সাস ক্যাপে প্যালেস' রেস্টুরেন্টে অবৈধ মাদক বিক্রির খবর পায় পুলিশ। রাত ৩টার দিকে সেখানে অভিযান চালিয়ে পালানোর চেষ্টাকালে সেলিম প্রধানসহ ৯ জনকে আটক করা হয়। অভিযানে ৬.৭ কেজি সিসা, ৭টি সিসা স্ট্যান্ড ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
এ ঘটনায় পরদিন ৬ সেপ্টেম্বর গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযানের সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইট থেকে নামিয়ে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে র্যাব। এরপর তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রা ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়।
তদন্তে উঠে আসে, তিনি বাংলাদেশে অনলাইন ক্যাসিনো বা জুয়ার অন্যতম হোতা এবং বিপুল অর্থ বিদেশে পাচার করেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় তিনি চার বছর সাজাভোগের পর ২০২৩ সালের অক্টোবরে জামিনে মুক্তি পান।