আইন আদালত

প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২২ পিএম

প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড
মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিন। ছবি: সংগৃহীত

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন-কে প্রতারণা মামলায় তিন বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। একইসঙ্গে আদালত তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বাদীপক্ষের আইনজীবী এইচ এম রুহুল আমিন মোল্লা রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আসামিরা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে বিশ্বাস ভঙ্গ করেছেন, যা একটি গুরুতর অপরাধ। এই রায়ের মাধ্যমে কিছুটা হলেও ভুক্তভোগীরা ন্যায়বিচারের স্বাদ পেলেও এটি যথেষ্ট নয়।”

২০২৩ সালের ৭ ডিসেম্বর, মো. আবুল কালাম আজাদ নামে এক ভুক্তভোগী এই প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করেন। আদালত সেদিনই মামলার তদন্তভার পিবিআই-কে দেন।

মামলায় বলা হয়, রাসেল ও শামীমা পরিকল্পিতভাবে ইভ্যালি নামে ই-কমার্স প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং আকর্ষণীয় অফারের মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করেন। বাদী মোট ২৩ লাখ টাকা দিয়ে ইভ্যালির কাছ থেকে ১১টি মোটরসাইকেল কেনার অর্ডার দেন। প্রতিষ্ঠানটি ৭ থেকে ৩০ দিনের মধ্যে পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিলেও, কোনো পণ্য সরবরাহ না করে প্রতারণার আশ্রয় নেয়।

বিচারক মামলার শুনানিতে ৩ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণের পর রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার দুই আসামি—রাসেল ও শামীমা—পলাতক ছিলেন।