আইন আদালত
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবীর ১১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী ও বান্ধবী তৌফিকা করিমের নামে থাকা ১১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে রয়েছে ৬৫৩ কোটি টাকার বেশি লেনদেনের তথ্য।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এই আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি’র ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) মনিরুজ্জামান এ বিষয়ে আবেদন করেন।
সিআইডির আবেদনে উল্লেখ করা হয়, তৌফিকা করিম প্রভাবশালী মন্ত্রীত্বের ঘনিষ্ঠতা ও প্রভাব ব্যবহার করে আদালতে জামিন, নিয়োগ, বদলি ও বিভিন্ন তদবির এর মাধ্যমে অবৈধ অর্থ উপার্জন করেছেন। অভিযোগে আরও বলা হয়, এই অর্থ দিয়ে তিনি ফ্ল্যাট, জমি, গাড়ি কিনেছেন এবং বিদেশেও অর্থ পাচার করেছেন।
তদন্তে দেখা গেছে, তৌফিকা করিম এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১১৪টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৬৫৩ কোটি ৩৬ লাখ টাকা জমা হয়েছে এবং এর মধ্যে থেকে ৫৬৬ কোটি ৩৮ লাখ টাকা ইতোমধ্যে উত্তোলন করা হয়েছে। বর্তমানে এসব হিসাবে রয়েছে প্রায় ৮৭ কোটি টাকার স্থিতি।
সিআইডি আরও জানায়, এসব তহবিলের উৎস সন্দেহজনক এবং এগুলোর পেছনে সংঘবদ্ধ আর্থিক অপরাধ ও মানিলন্ডারিংয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাই তদন্তের স্বার্থে ও অর্থ পাচার প্রতিরোধে এসব হিসাব অবরুদ্ধ করা অত্যন্ত জরুরি ছিল।
আদালত শুনানি শেষে সিআইডির আবেদন মঞ্জুর করেন।