আইন আদালত

আওয়ামী লীগের বিচারে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০২:২৮ পিএম

আওয়ামী লীগের বিচারে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। েছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চলতি বছরের জুলাই মাসে এই তদন্ত প্রক্রিয়া শুরু হয় বলে নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর বলেন, “জুলাই মাসে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে আগেই অভিযোগ দিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। সেই অভিযোগের ভিত্তিতেই আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি। বর্তমানে দল হিসেবে আওয়ামী লীগকে অপরাধী সংগঠন হিসেবে বিচারের আওতায় আনার প্রাথমিক তদন্ত চলছে।”

তিনি আরও জানান, তদন্তের জন্য ইতিমধ্যে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের কাজ শুরু হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর আওয়ামী লীগের বিচার নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ দাখিল করেন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ। গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগের পাশাপাশি ১৪ দলীয় জোটকেও দায়ী করা হয়।