আইন আদালত

‘বুকে বল রাখেন’ ইনুকে দীপু মনির সান্ত্বনা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ পিএম

‘বুকে বল রাখেন’ ইনুকে দীপু মনির সান্ত্বনা
সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। ছবি: সংগৃহীত

জুলাই–আগস্টের আন্দোলন ঘিরে হত্যা–গণহত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ হাজির করা হয় সাবেক আওয়ামী লীগ সরকারের ১৬ জন মন্ত্রী–প্রতিমন্ত্রীকে। আদালতে হাজিরার সময় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে সান্ত্বনা দিতে দেখা যায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিকে।

ইনু বলেন, “আমার মামলা ট্রাইব্যুনাল–২ এ চলে গেছে, সম্ভবত আপনাদের সঙ্গে আর দেখা হবে না।” উত্তরে দীপু মনি বলেন, “চিন্তা করবেন না ভাই, আল্লাহ ভরসা। বুকে বল রাখেন, মনোবল হারাবেন না।”

একই সময় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, “এভাবে ওঠানো–নামানোর নাটক কবে শেষ হবে এদের?”

কেরানীগঞ্জ, কাশিমপুর ও নারায়ণগঞ্জ কারাগার থেকে কঠোর নিরাপত্তায় এনে তাদের ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়। পরে একে একে এজলাসে তোলা হয় অভিযুক্তদের।

আদালতে উপস্থিত ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, দীপু মনি, হাসানুল হক ইনু, কামাল মজুমদারসহ অনেকে।

একই মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, রাশেদ খান মেনন, গোলাম দস্তগীর গাজী, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সালমান এফ রহমানসহ আরও অনেকে অভিযুক্ত।

ট্রাইব্যুনাল আগামী ৮ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।