আইন আদালত
নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার শেষ হবে: অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই জুলাই হত্যাকাণ্ডের কয়েকটি মামলার বিচার সম্পন্ন হবে। তিনি বলেন, “সরকার প্রতিশ্রুতি অনুযায়ী বিচার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। তবে অতি দ্রুততার সঙ্গে বিচার শেষ করতে গেলে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।”
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া আইনজীবী সমিতির পদ্মা মিলনায়তনে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দেশের আদালতগুলোর মামলা জট প্রসঙ্গে তিনি বলেন, “মামলার জট কমাতে ইতিমধ্যেই কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। এর সুফল আদালত পর্যায়ে দেখা যাচ্ছে।”
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, “শহীদ আবরার ফাহাদ হত্যা মামলার বিচার দ্রুত শেষ করার চেষ্টা চলছে। আসামিপক্ষ আপিল বিভাগে গিয়েছে, আশা করা যায় শিগগিরই বিষয়টি নিষ্পত্তি হবে।”
তিনি উল্লেখ করেন, বিচার ব্যবস্থাকে আরও দ্রুত, কার্যকর ও স্বচ্ছ করতে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিচারপ্রার্থীরা যাতে ন্যায়বিচার পায়, সেটিই এখন সরকারের অগ্রাধিকার।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদ। উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার রাগিব চৌধুরী, সমিতির সাধারণ সম্পাদক শাতিল মাহমুদসহ সিনিয়র আইনজীবী ও অতিথিবৃন্দ।