আইন আদালত

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৫:১১ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের নির্দেশে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ব্যতীত) বিচার ‘দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০০’-এর আওতায় নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সোমবার (২০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী সরকারের নির্দেশে ছাত্র-জনতার ওপর দমন-পীড়নের অংশ হিসেবে সংঘটিত এসব হত্যাকাণ্ডের অভিযোগে সারাদেশে এখন পর্যন্ত ৮৩৭টি মামলা রেকর্ড হয়েছে। এর মধ্যে ৪৫টি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

বাকি মামলাগুলোর মধ্যে যেসব মামলায় চার্জশিট দাখিল হয়েছে- প্রাথমিকভাবে ১৯টি হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হচ্ছে।

এছাড়া, এসব মামলা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিচারিক কার্যক্রমে বিদ্যমান কোনো সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সুপারিশ পেশ করবে।

কমিটির দায়িত্বের মধ্যে থাকবে সব হত্যা ও গুরুতর অপরাধের মামলার পূর্ণাঙ্গ তালিকা তৈরি, মামলাগুলোর বর্তমান অগ্রগতি পর্যালোচনা, এবং সংশ্লিষ্ট ভুক্তভোগী পরিবার ও জনগণকে সময়ে সময়ে অবহিত করা।

সরকারি সূত্র মতে, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এসব মামলার কার্যক্রম ত্বরান্বিত করে ন্যায়বিচার নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।