আইন আদালত
নীল ছবির যুগলকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ
রাজধানীর পল্টন থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আলোচিত পর্ন তারকা যুগল আজিম ও বৃষ্টিকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।
এর আগে বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডির সাইবার বিভাগের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান, তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাতে বান্দরবানের রোয়াংছড়ি বাসস্টেশন এলাকার হাজীপাড়া এলাকার একটি ছয়তলা ভবনের ফ্ল্যাট থেকে এই যুগলকে গ্রেপ্তার করে সিআইডি। বান্দরবান জেলা পুলিশের সহায়তায় সিআইডির একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকায় নিয়ে আসে।
জানা গেছে, প্রায় ১৫ দিন আগে আজিম ও বৃষ্টি বান্দরবানে এসে ‘ফল ব্যবসায়ী’ পরিচয়ে বাসা ভাড়া নেন। এলাকাবাসীর সঙ্গে তাদের বিশেষ কোনো যোগাযোগ ছিল না, এবং তারা সচরাচর বাসা থেকেও বের হতেন না। তবে অনলাইনে তারা বেশ সক্রিয় ছিলেন।
পুলিশের দাবি, তারা নিয়মিত পর্ন ভিডিও তৈরি করে তা বিভিন্ন আন্তর্জাতিক পর্ন সাইটে আপলোড করতেন। এমনকি ২০২৪ সালের মে মাসে তাদের নামে একটি টেলিগ্রাম চ্যানেল খোলা হয়, যেখানে কয়েক হাজার সদস্য যুক্ত ছিলেন। সেখানে ভিডিওর লিংক ছাড়াও তাদের আয় সংক্রান্ত স্ক্রিনশটও প্রকাশ করা হতো। শুধু নিজেরাই নয়, তারা অন্যদেরও পর্ন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করতেন বলে জানিয়েছে সিআইডি।