আইন আদালত
দেশবিরোধী কর্মকাণ্ডে অর্থযোগান: সেলিম প্রধানকে গ্রেপ্তার দেখালেন আদালত
দেশবিরোধী কর্মকাণ্ডে অর্থ ও পরামর্শ দিয়ে সহায়তা করার অভিযোগে ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৩ অক্টোবর) ঢাকার ভারপ্রাপ্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন।
সকালে সেলিম প্রধানকে আদালতে হাজির করে গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের পরিদর্শক মো. মোজাম্মেল হক মামুন।
আবেদনে বলা হয়, সেলিম প্রধান একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য। তিনি রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে প্রচার চালানো এবং জননিরাপত্তা বিঘ্ন ঘটানোর জন্য অর্থ, পরামর্শ ও নির্দেশ দিয়ে সহায়তা করেছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হয়। প্রাথমিক তদন্তেও তার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বলে জানানো হয়েছে।
তদন্ত কর্মকর্তা আদালতে আরও জানান, সেলিম প্রধান ঢাকার বিভিন্ন স্থানে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের নিয়মিত অর্থ সহায়তা দিয়ে থাকেন। মামলার তদন্ত চলমান থাকায় এবং প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের স্বার্থে তাকে জেল হেফাজতে রাখা জরুরি।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক সেলিম প্রধানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২২ এপ্রিল সকাল ৭টায় গুলশান-১ এর জব্বার টাওয়ারের পাশে রাস্তার ওপর সেলিম প্রধানসহ ৩০-৩৫ জন ব্যক্তি একত্রিত হন। অভিযোগে বলা হয়, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘ছাত্রলীগ’-এর ব্যানারে সরকারবিরোধী স্লোগান দিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার জন্য জড়ো হন। তাদের উদ্দেশ্য ছিল রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন ঘটানো এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র বাস্তবায়ন করা।
ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হলেও বাকিরা পালিয়ে যায়। পরে গুলশান থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
গত ৫ সেপ্টেম্বর গভীর রাতে গুলশানের বারিধারার ‘নেক্সাস ক্যাফে প্লেস’ নামের একটি রেস্তোরাঁ থেকে সেলিম প্রধানসহ নয়জনকে আটক করে পুলিশ। ওই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করা হয়।