আইন আদালত

তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম

তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি
ছবি: সংগৃহীত

সারাদেশের অধস্তন আদালতের তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সকল বিচারপতির অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া দুই শতাধিক বিচারককে অতিরিক্ত জেলা জজ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এই বিষয়টি ফুলকোর্ট সভার বিভিন্ন সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

একই সভায় আলোচিত হয়েছে রেইনট্রি মামলার প্রসঙ্গ। আপিল বিভাগের নিষেধ থাকা সত্ত্বেও এক আসামিকে জামিন দেওয়ার ঘটনায় বিচারিক ক্ষমতা হারানো জেলা জজ কামরুন্নাহারের ক্ষমতা পুনঃপ্রদান বিষয়ে সিদ্ধান্ত নিতে জিএ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সভা প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এসময় ২০টির অধিক অ্যাজেন্ডা নিয়ে আলোচনা হয়। তবে সময়ের সীমাবদ্ধতার কারণে সুপ্রীম কোর্টের বার্ষিক ক্যালেন্ডার অনুমোদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের অধিকাংশ বিচারপতি উপস্থিত ছিলেন।