আইন আদালত
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা হয়েছে। ‘জুলাই যোদ্ধা’ জাহাঙ্গীর আলমকে মারধর ও নির্যাতনের অভিযোগে এই মামলা করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুজ্জামানের আদালতে জাহাঙ্গীর আলম নিজে বাদী হয়ে মামলাটি করেন।
আদালত শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানি।
মামলায় আসামি করা হয়েছে ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন, কর্মকর্তা সাইদুর রহমান শাহিদ, সাগর, আফজালুর রহমান সায়েম, ফাতেমা আফরিন পায়েল, আলিফ, জাহিদ, মেহেদী হাসান প্রিন্স, এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ শ্রাবন্তী ও সোনিয়া আক্তার লুবনাকে।
অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী ও ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচিত জাহাঙ্গীর আলম গত বছরের ১৮ জুলাই কাঁচপুর ব্রিজ এলাকায় পুলিশের গুলিতে আহত হন। চলতি বছরের ২৭ মে তিনি অনুদানের বিষয়ে কাগজপত্র নিয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অফিসে গেলে কর্মকর্তারা তাকে একটি অন্ধকার কক্ষে নিয়ে মারধর করেন।
জাহাঙ্গীরের দাবি, আসামিরা তাকে জিআই পাইপ দিয়ে আঘাত করে অজ্ঞান করে ফেলে এবং পরেও নির্যাতন চালায়। তাকে ‘ভুয়া জুলাইযোদ্ধা’ স্বীকারের জন্য চাপ দেওয়া হয়। পরে তার মোবাইল ফোন নিয়ে ফেসবুক পোস্ট ও রাজনৈতিক সংযোগ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার হাতে ইনজেকশন পুশ করে রাস্তায় অচেতন অবস্থায় ফেলে দেওয়া হয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে জাহাঙ্গীর আলমকে নারায়ণগঞ্জ খানপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।