আইন আদালত

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যায় ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১২:১৩ পিএম

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যায় ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
এস এম শাহরিয়ার আলম সাম্য। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র এবং এফ রহমান হলের ছাত্রদল সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এস এম শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের মামলায় সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

হত্যাকাণ্ডের প্রায় পাঁচ মাস পর, মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি ইন্সপেক্টর মো. আখতার মোর্শেদ শুক্রবার (৭ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তিনি জানান, অভিযোগপত্রে সাতজনকে আসামি করা হয়েছে, এবং চারজনের বিরুদ্ধে প্রমাণের অভাবে তাদের অব্যাহারের সুপারিশ করা হয়েছে।

অভিযোগপত্রে আসামি হিসেবে নাম রয়েছে – মেহেদী হাসান, মো. রাব্বি (কবুতর রাব্বি), মো. রিপন (আকাশ), নাহিদ হাসান পাপেল, মো. হৃদয় ইসলাম, মো. হারুন অর রশিদ সোহাগ (লম্বু সোহাগ) এবং মো. রবিন। এরা সকলেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন।

প্রমাণের অভাবে অব্যাহারের সুপারিশ করা হয়েছে তামিম হাওলাদার, সম্রাট মল্লিক, পলাশ সরদার ও সুজন সরকার নামে চারজনের ক্ষেত্রে।

অভিযোগপত্রে বলা হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানে গাঁজা বিক্রি করতে নিষেধ করার কারণে সাম্যকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ১৩ মে রাত সাড়ে ১১টার দিকে সাম্য সোহরাওয়ার্দী উদ্যানের মধ্য দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন, তখনই তাকে ছুরিকাঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় রাত ১২টার দিকে বন্ধুরা সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই শরীফুল ইসলাম ১৪ মে সকালে শাহবাগ থানা পুলিশকে অভিযোগ দেন এবং প্রাথমিকভাবে ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

ডিবির তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর আখতার মোর্শেদ জানান, মামলার সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিচারের জন্য আদালতে তোলা হবে।