আইন আদালত

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ১০ম দিনের আপিল শুনানি শুরু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১০:৫২ এএম

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ১০ম দিনের আপিল শুনানি শুরু
ছবি: সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা আপিলের ১০ম দিনের শুনানি শুরু হয়েছে।

আজ (সোমবার) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) একই বেঞ্চে শুনানি হয়, যেখানে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বুধবারও তিনি দেড় ঘণ্টার বেশি সময় ধরে যুক্তিতর্ক উপস্থাপন করেন।

শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায় বহাল থাকা সমীচীন নয়। তিনি আরও মন্তব্য করেন, এ রায়ের মাধ্যমে তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক দণ্ডনীয় অপরাধ করেছেন।

গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন গ্রহণ করেন সর্বোচ্চ আদালত এবং আপিলের অনুমতি দেন।

এই আপিলে আবেদন করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।