আইন আদালত

৩১ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জারি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২০ এএম

৩১ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জারি
ছবি: সংগৃহীত

হঠাৎ করেই দেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। সোমবার থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে। রবিবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের এজলাস কক্ষে আইনজীবী ছাড়া বিচারপ্রার্থী কিংবা অন্য কোনো অপ্রত্যাশিত ব্যক্তির প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বৈধ ও অবৈধ সব ধরনের অস্ত্র, মারণাস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং মাদক বহন কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা। এখানে প্রধান বিচারপতি এবং আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা নিয়মিত বিচার কার্য পরিচালনা করেন। সে কারণে আদালতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি লক্ষ্য করা গেছে যে, কিছু বিচারপ্রার্থী, মামলা সংশ্লিষ্ট ব্যক্তি ও অপ্রত্যাশিত লোকজন আদালতের এজলাস কক্ষে প্রবেশ করছেন। এর ফলে আদালতের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছে এবং বিচারকার্য পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে এতে বিচারপতি, আইনজীবী এবং আদালতের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ছে।

এই পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তাজনিত কারণে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের এজলাস কক্ষে আইনজীবী ছাড়া অন্যদের প্রবেশ সীমিত ও নিয়ন্ত্রিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট এলাকায় যেকোনো ধরনের সমাবেশ, মিছিল ও বিক্ষোভও সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, আদালতের নিরাপত্তা, শৃঙ্খলা ও স্বাভাবিক বিচার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।