আইন আদালত

চার মামলার পর আরও তিন হত্যা মামলায় জামিন পেলেন ছোট সাজ্জাদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪ এএম

চার মামলার পর আরও তিন হত্যা মামলায় জামিন পেলেন ছোট সাজ্জাদ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আলোচিত জোড়া খুনসহ একাধিক হত্যা মামলার আসামি সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ আরও তিনটি হত্যা মামলায় জামিন পেয়েছেন। উচ্চ আদালত থেকে জামিনের কাগজপত্র ইতোমধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে বলে মঙ্গলবার কারা সূত্র নিশ্চিত করেছে।

এর আগে তিনি চারটি মামলায় জামিন পেয়েছিলেন। সব মিলিয়ে সাতটি হত্যা মামলায় জামিন লাভ করলেন এই শীর্ষ সন্ত্রাসী।

তবে একাধিক মামলায় জামিন পেলেও আপাতত কারামুক্ত হচ্ছেন না ছোট সাজ্জাদ। চার মামলায় জামিনের খবর পাওয়ার পর গত রোববার তাকে চান্দগাঁও থানার আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। পাশাপাশি অন্য থানাগুলোর মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্র জানিয়েছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার শাহ সৈয়দ শরীফ জানান, সাম্প্রতিক সময়ে ছোট সাজ্জাদের বিরুদ্ধে থাকা সাতটি হত্যা মামলার জামিনসংক্রান্ত কাগজপত্র কারাগারে এসেছে। সর্বশেষ যে তিনটি মামলায় জামিনের নথি পৌঁছেছে, সেগুলো হলো—চান্দগাঁও থানার তানভীর ছিদ্দিকী হত্যা মামলা, হৃদয় চন্দ্র তারুয়া হত্যা মামলা এবং ফজলে রাব্বী হত্যা মামলা।

পুলিশ সূত্রে জানা যায়, সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে মোট ১০টি হত্যা মামলাসহ ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামের জোড়া খুনসহ বেশ কয়েকটি আলোচিত হত্যাকাণ্ডের মামলাও অন্তর্ভুক্ত। তার স্ত্রী শারমিন আক্তার তামান্নার বিরুদ্ধেও একাধিক হত্যা মামলাসহ অন্তত আটটি মামলা রয়েছে। বর্তমানে সাজ্জাদ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এবং তার স্ত্রী তামান্না ফেনী জেলা কারাগারে বন্দি রয়েছেন।

চলতি বছরের ১৫ মার্চ রাজধানী ঢাকা থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের মো. জামালের ছেলে। নগরীর বায়েজিদ, অক্সিজেন ও চান্দগাঁও থানা এলাকায় তিনি ‘ছোট সাজ্জাদ’ নামে পরিচিত। এক সময় তাকে ধরিয়ে দিতে পুলিশ পুরস্কারও ঘোষণা করেছিল।

এর আগে গত ১০ মে নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেপ্তার করা হয়। সাজ্জাদ গ্রেপ্তারের পর তার স্ত্রী ‘কাড়ি কাড়ি টাকা দিয়ে আদালত ও জামিন কেনা যায়’—এমন মন্তব্য করে আইন ও নিরাপত্তা সংস্থাকে কটাক্ষ করেন। তার সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এর পরপরই ঢাকায় অভিযান চালিয়ে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ।

আন্ডারওয়ার্ল্ডে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছোট সাজ্জাদের একের পর এক হত্যা মামলায় জামিন পাওয়ায় পুলিশের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তাকে যেন কোনোভাবেই কারাগার থেকে বের হতে না দেওয়া যায়, সে বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, সাজ্জাদকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়েছে।

চট্টগ্রাম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, গ্রেপ্তার দেখানোর আবেদন দুটি বর্তমানে আদালতের বিবেচনায় রয়েছে। বিধি অনুযায়ী, আসামির উপস্থিতিতে এসব আবেদনের শুনানি গ্রহণ করতে হয়। আসামিরা বর্তমানে বিভিন্ন কারাগারে আটক থাকায় অনলাইনে শুনানি নেওয়ার সুযোগ রয়েছে বলেও তিনি জানান।