আইন আদালত
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের নির্দেশ
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে থাকা বিপুল পরিমাণ সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে থাকা তার ২৯৭টি বাড়ি ও ৩০টি অ্যাপার্টমেন্ট জব্দের পাশাপাশি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা এক কোটি ডলার অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতের এই আদেশের তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ।
তিনি জানান, একই দিনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) করা একটি আবেদনের ভিত্তিতে আদালত সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ছয়জনের নামে থাকা ৪ কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫ টাকার শেয়ার অবরুদ্ধ করার নির্দেশও দেন।
দুদক সূত্রে জানা গেছে, জাবেদের নামে বিদেশে থাকা ২৯৭টি বাড়ির মধ্যে যুক্তরাষ্ট্রে ৪০টি, থাইল্যান্ডে ২৩টি, মালয়েশিয়ায় ৪৭টি, দুবাইয়ে ৫৯টি, কম্বোডিয়ায় ১১৭টি, ভিয়েতনামে চারটি, ভারতে নয়টি এবং ফিলিপাইনে দুটি বাড়ি রয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশে তার মালিকানাধীন ৩০টি অ্যাপার্টমেন্টও জব্দের আওতায় এসেছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে বিদেশে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। এরপর নতুন সরকারে তাকে আর মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়নি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক আগমুহূর্তে তিনি স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে চলে যান বলে জানা গেছে। তার বিরুদ্ধে বর্তমানে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগে দুদক ও সিআইডির একাধিক মামলা চলমান রয়েছে।