আইন আদালত

জুলাই গণ-অভ্যুত্থান: চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় আজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১০:২৬ এএম

জুলাই গণ-অভ্যুত্থান: চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় আজ
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ছয় শিক্ষার্থী হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি)। আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এটি প্রথম রায় এবং জুলাই–আগস্টের হত্যাযজ্ঞ সংক্রান্ত মামলার দ্বিতীয় রায় হতে যাচ্ছে।

এই মামলায় সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানসহ মোট আটজন পুলিশ সদস্য অভিযুক্ত। প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করা হয়েছে। রাষ্ট্রপক্ষের দাবি, জুলাই আন্দোলন দমনের নামে আইনশৃঙ্খলা বাহিনী পরিকল্পিতভাবে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর প্রাণঘাতী সহিংসতা চালায়।

এদিকে, জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন ভুক্তভোগী হুম্মাম কাদের চৌধুরী। সাক্ষ্য প্রদান শেষে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গুমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের দাবি জানান।

অন্যদিকে, একই দিন জুলাই গণ–অভ্যুত্থানকালে নারায়ণগঞ্জে ১০ জন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

জুলাই গণ–অভ্যুত্থান সংক্রান্ত একের পর এক মামলার বিচার কার্যক্রম এগিয়ে চলায় দেশজুড়ে বিচার ও জবাবদিহির প্রত্যাশা আরও জোরালো হচ্ছে। আজকের রায়কে ঐতিহাসিক ও দৃষ্টান্তমূলক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।