আইন আদালত

ফের ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছালো


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম

ফের ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছালো
শরিফ ওসমান বিন হাদি। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রতিবেদনের জন্য নতুন দিন হিসেবে ১১ মার্চ ধার্য করেছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা না দেওয়ায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন তারিখ ধার্য করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ইতিমধ্যেই ৯ বারের মত অতিরিক্ত সময় পেয়েছেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. রুকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে দুপুর ২টা ২০ মিনিটের দিকে পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। আহত ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলেও, ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এরপর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ১২০(বি)/৩২৬/৩০৭/১০৯/৩৪ ধারায় অভিযোগ আনা হয়। ২০ ডিসেম্বর আদালত মামলায় দণ্ডবিধি ৩০২ ধারা (হত্যা) সংযোজনের আদেশ দেন।

গত ৬ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। তবে ডিবি চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে ১৫ জানুয়ারি বাদী আদালতে নারাজি আবেদন দাখিল করেন। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেয়।

চার্জশিটে উল্লেখিত পলাতক আসামিরা হলেন— প্রধান শুটার: ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ, সহযোগী: আলমগীর হোসেন, সাবেক মিরপুর ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক: তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপ স্মাল পিলিপস, মুক্তি আক্তার, ফয়সালের বোন: জেসমিন আক্তার, 

কারাগারে আটক আসামিরা— ফয়সাল করিম মাসুদের বাবা: মো. হুমায়ুন কবির, মা: মোসা. হাসি বেগম, স্ত্রী: সাহেদা পারভীন সামিয়া, বান্ধবী: মারিয়া আক্তার লিমা, শ্যালক: ওয়াহিদ আহমেদ সিপু।

মামলার পলাতক ও কারাগারে থাকা আসামিদের বিরুদ্ধে প্রক্রিয়া এগিয়ে চলেছে এবং আদালত নতুন নির্ধারিত তারিখে প্রতিবেদন দাখিলের জন্য অপেক্ষা করছে।