আইন আদালত
জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (১১ মার্চ) বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তার আইনজীবী মোনায়েম নবী শাহীন জানিয়েছেন, এই আদেশের ফলে খায়রুল হকের মুক্তিতে আর কোনো বাধা নেই।
এর আগে জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা এবং তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে দায়ের করা চারটি মামলায়ও তাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট।
আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসরুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান খান, মোতাহার হোসেন সাজু এবং আইনজীবী মোনায়েম নবী শাহীন।
গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ী এলাকায় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
খায়রুল হকের বিরুদ্ধে এই মামলার পাশাপাশি আরও চারটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় নিম্ন আদালতে জামিন নামঞ্জুর হলে তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেন। পরে হাইকোর্ট পাঁচটি মামলায় জামিন বিষয়ে রুল জারি করেন। গত বুধবার দুদকের মামলাটি ছাড়া বাকি চার মামলার শুনানি শেষ হয়।
উল্লেখ্য, ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান এ বি এম খায়রুল হক। তিনি ২০১১ সালের ১৭ মে অবসরে যান। অবসর নেওয়ার পর তিনি তিন দফায় আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।