আইন আদালত
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় দেওয়া হবে না: চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
রোববার (১৫ মার্চ) দুপুরে অনৈতিক কর্মকাণ্ডের তথ্য উদঘাটনে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির দ্বিতীয় বৈঠকের আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে যা যা করণীয় এবং যে পদক্ষেপ প্রয়োজন, সবই নেওয়া হবে। বিতর্ক তৈরি করতে পারে এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, প্রত্যেক মানুষের ক্ষেত্রে যেন ন্যায়বিচার নিশ্চিত করা যায়, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে। কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং কোনো অপরাধী যেন পার পেয়ে না যান—এই কারণেই ট্রাইব্যুনালের স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চিফ প্রসিকিউটরের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির অন্য সদস্যরা হলেন—প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ল’ রিসার্চ অফিসার সিফাতুল্লাহ।
জানা গেছে, প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত আছেন কি না তা অনুসন্ধান করবে এই কমিটি। সম্প্রতি পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জামিনের বিনিময়ে এক কোটি টাকা দাবি করার অভিযোগ ওঠার পর এই তদন্ত কমিটি গঠন করা হয়।