আইন আদালত

হাছান মাহমুদ-নওফেলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পিএম

হাছান মাহমুদ-নওফেলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদ ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৭ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-এর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলায় মোট ২২ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ৪ জন গ্রেপ্তার থাকলেও বাকি ১৮ জন পলাতক রয়েছেন। ট্রাইব্যুনাল পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করেন।

প্রসিকিউশনের পক্ষ থেকে মামলায় তিনটি অভিযোগ আনা হয়েছে। এতে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ ছয়জনকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। পাশাপাশি শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার অভিযোগও অন্তর্ভুক্ত করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে হত্যার নির্দেশ, উসকানি ও সহায়তার অভিযোগও আনা হয়েছে।

এর আগে, গত রোববার ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিতে নিহত হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। পরে ১৮ আগস্ট তার মা জোছনা বেগম পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ প্রায় ২৫০ জনকে আসামি করা হয়।