আইন আদালত
আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এছাড়া এক আসামিকে খালাস দেওয়া হয়েছে এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
রায়ের পর আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দোলন দাবি করেছেন, মামলায় উপস্থাপিত প্রমাণে গুলির অস্তিত্ব নিশ্চিত করা যায়নি। তিনি বলেন, আবু সাঈদের জব্দকৃত গেঞ্জিতে কোনো গুলির চিহ্ন বা ছিদ্র পাওয়া যায়নি এবং মরদেহেও কোনো গর্ত বা ক্ষতের চিহ্ন ছিল না। এছাড়া দেহে এক্স-রে বা অন্য কোনো পরীক্ষা করা হয়নি।
আইনজীবী দোলন আরও জানিয়েছেন, প্রসিকিউশন ১২ বোরের শর্টগান ব্যবহার করে গুলি চালানোর অভিযোগ আনা সত্ত্বেও সেই কার্টিজ জব্দ করা হয়নি। আসামিপক্ষের পক্ষে ২০টিরও বেশি লিখিত যুক্তি আদালতে উপস্থাপন করা হয়েছিল।
তিনি আশা প্রকাশ করেছেন, পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পর বিষয়টি বিশ্লেষণ করে আপিল বিভাগে আপিল করার মাধ্যমে আসামিরা ন্যায়বিচার পাবেন।