আইন আদালত

প্রিজনভ্যানে দুর্ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক আহত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পিএম

প্রিজনভ্যানে দুর্ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক আহত
জুনায়েদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যার মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আজ আদালতে হাজির করা হয়। তবে অভিযোগ গঠনের শুনানিতে আসামি পক্ষের সময়ের আবেদন মঞ্জুর করায় তা পিছিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত আগামী ২১ মে নতুন তারিখ নির্ধারণ করেন। এ সময় মামলার আরেক আসামি সাবেক সংসদ সদস্য সাদেক খানকেও আদালতে হাজির করা হয়।

আদালত থেকে নামানোর সময় সাবেক মন্ত্রী পলক তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিকে জানান, প্রিজনভ্যানে নেয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন এবং এতে আহত হয়েছেন। তিনি বিষয়টি আদালতের নজরে এনে চিকিৎসা সহায়তার আবেদন করার অনুরোধ জানান।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে ট্রাকচালক মো. হোসেন নিহত হন। তিনি সেদিন গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই আকরামুজ্জামান আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

বর্তমানে মামলাটি ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে।