আইন আদালত

শাপলা চত্বরে হত্যাকাণ্ড: রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি আবদুল জলিল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০১:৫০ পিএম

শাপলা চত্বরে হত্যাকাণ্ড: রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি আবদুল জলিল
ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত সহিংস ঘটনার মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল রাজসাক্ষী হতে আবেদন জানিয়েছেন।

বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ আলী হায়দার আবদুল জলিল মণ্ডলের জামিন আবেদন উপস্থাপন করেন। তবে শুনানি শেষে ট্রাইব্যুনাল তার জামিন আবেদন নামঞ্জুর করে।

আদালতে জানানো হয়, তিনি রাজসাক্ষী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং স্বাস্থ্যগত সমস্যার বিষয়টি বিবেচনায় নেওয়ার অনুরোধ করেন। তার আইনজীবী দাবি করেন, দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছেন এবং তার হার্টে একাধিক ব্লক রয়েছে। তবে ট্রাইব্যুনাল জেল কর্তৃপক্ষের প্রতিবেদনের ভিত্তিতে তার শারীরিক অবস্থাকে গুরুতর নয় বলে মন্তব্য করে জামিন আবেদন খারিজ করে।

অন্যদিকে, একই ট্রাইব্যুনালে কল্যাণপুরের কথিত জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় নয়জন নিহত হওয়ার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ জুন।

এছাড়া লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে।