আইন আদালত

স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা জাহের আলভী ২ দিনের রিমান্ডে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৬:০৮ পিএম

স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা জাহের আলভী ২ দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

ঢাকার মিরপুরে স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৪ জুন) ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে ২১ জুন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, ইকরাকে উদ্দেশ্য করে আলভী নিয়মিত অপমানজনক ও মানসিক নির্যাতনমূলক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেন। এছাড়া বিবাহিত থাকা সত্ত্বেও অন্য এক নারীর সঙ্গে ছবি প্রকাশ করে উস্কানিমূলক মন্তব্য করেন তিনি। মামলার রহস্য উদঘাটন, অন্যান্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং আসামির স্থায়ী ঠিকানা যাচাইয়ের জন্য রিমান্ড প্রয়োজন বলে আবেদনে বলা হয়।

এর আগে ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন আলভী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ১ মার্চ সকালে মিরপুরের বাসা থেকে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আলভীর স্ত্রী ইকরাকে উদ্ধার করেন স্বজনরা। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ হাসপাতাল থেকে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। এ ঘটনায় ওইদিন রাতেই ইকরার মামা শেখ তানভীর আহমেদ মামলা দায়ের করেন। মামলায় আলভীর পাশাপাশি তার মা নাসরিন সুলতানা শিউলিকেও আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন।