আইন আদালত

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা: আপিল বিভাগ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১২:৩৯ পিএম

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা: আপিল বিভাগ
ছবি: সংগৃহীত

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান বাতিলসংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে টানা তিন দিনের শুনানি শেষে বুধবার রায়ের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছিল। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। রিটকারীদের পক্ষে শুনানি করেন ডক্টর শরীফ ভূঁইয়া এবং জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

গত বছরের ১৩ নভেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। পরে রিটকারীরা আপিল দায়ের করে পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণ বাতিলের আবেদন জানান।

এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসংক্রান্ত পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করেন। একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান পুনর্বহালের নির্দেশ দেন। তবে পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল করা হয়নি।

রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, গণতন্ত্র সংবিধানের মৌলিক কাঠামোর অন্যতম ভিত্তি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের বিকাশ ঘটে। দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটেনি বলেও পর্যবেক্ষণে উল্লেখ করা হয়।

আদালত আরও বলেন, জনগণের প্রত্যাশার ভিত্তিতে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত হয়েছিল এবং সময়ের সঙ্গে এটি সংবিধানের মৌলিক কাঠামোর অংশে পরিণত হয়েছে।

রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তিসংক্রান্ত পঞ্চদশ সংশোধনীর ২০ ও ২১ অনুচ্ছেদকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে বাতিল করা হয়েছে। পাশাপাশি ৭ক, ৭খ এবং ৪৪ অনুচ্ছেদের দ্বিতীয় উপধারাও অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া গণভোটের বিধান বিলুপ্তিসংক্রান্ত পঞ্চদশ সংশোধনীর ৪৭ ধারা বাতিল ঘোষণা করায় সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী গণভোটের বিধান পুনর্বহাল হয়েছে।

তবে আপিল বিভাগের পর্যবেক্ষণে স্পষ্ট করা হয়েছে, পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণ বাতিল হয়নি। অবশিষ্ট বিষয়গুলো ভবিষ্যতে জাতীয় সংসদ জনগণের মতামতের ভিত্তিতে আইন অনুযায়ী সংশোধন, পরিমার্জন বা পরিবর্তন করতে পারবে।