আইন আদালত

ময়মনসিংহে শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৭ পিএম

ময়মনসিংহে শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদিপ্তা সরকার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আরিফ, রাকিব ও সিয়াম।

এছাড়া একই মামলার অপ্রাপ্তবয়স্ক অপর আসামি মারুফকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মেজবাহ উদ্দিন আহমেদ।

মামলার বিবরণে জানা যায়, গত ১৪ জুন বিকেলে ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাহাটি গ্রামের তাজু মিয়ার মেয়ে শিশু নিছামনিকে ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন ১৫ জুন নিছামনির বাবা ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন।

ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে মাত্র ৯ দিনের মধ্যে চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে আদালত তিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারা দ্রুত রায় কার্যকরের জন্য সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।