আইন আদালত
প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণার মামলায় ‘কনটেন্ট ক্রিয়েটর’ তৌহিদ আফ্রিদিকে জামিন দিয়েছেন আদালত। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে।
মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত তৌহিদ আফ্রিদির জামিন আবেদন শুনানি শেষে তা মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন জানান, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি আগেই উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। সর্বশেষ ওয়ারী থানার মামলায় জামিন পাওয়ায় এখন সব মামলাতেই তিনি জামিনে রয়েছেন। ফলে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। এর আগে গত ১৫ জুন এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে। তারা বিভিন্ন ধাপে বিনিয়োগের কথা বলে প্রথমে অল্প পরিমাণ অর্থ ফেরত দিয়ে আস্থা অর্জন করে। পরে ধাপে ধাপে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেয়। মুনাফাসহ অর্থ ফেরতের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়। এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা দায়ের করেন।
এর আগে গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে অপরাধ তদন্ত বিভাগ পুলিশ। পরবর্তীতে তাকে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের করা একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।