আইন আদালত

হবিগঞ্জের চুনারুঘাটের হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৭:৪২ পিএম

হবিগঞ্জের চুনারুঘাটের হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তবে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা চলমান থাকায় আপাতত কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না তিনি।

বুধবার (২২ জুলাই) বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ গোলচত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিক্ষোভে অংশ নেন। এ সময় বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয় এবং গুলি ছুড়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

এই ঘটনার প্রেক্ষিতে একই বছরের সেপ্টেম্বর মাসে মো. মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তি চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। এতে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এর আগে, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে রাজধানীর খিলগাঁও ও আদাবর থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলায় তার জামিন সংক্রান্ত রুল বর্তমানে হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে। ফলে এই মামলায় জামিন পেলেও আপাতত কারাগার থেকে মুক্তি মিলছে না তার।