আইন আদালত

এমপি হিসেবে দায়িত্ব পালনে সরোয়ার আলমগীরের বাধা নেই: আপিল বিভাগ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:৫১ এএম

এমপি হিসেবে দায়িত্ব পালনে সরোয়ার আলমগীরের বাধা নেই: আপিল বিভাগ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। তার দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ।

বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদেশের পর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, আপিল বিভাগের এ সিদ্ধান্তের ফলে সংসদ সদস্য হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে আর কোনো আইনি জটিলতা রইল না।

এর আগে গত ৯ জুলাই সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন। আবেদনে সরোয়ার আলমগীরকে জাতীয় সংসদের অধিবেশনে অংশ নেওয়া থেকেও বিরত রাখার অনুরোধ জানানো হয়েছিল।

মামলার নথি অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা প্রথমে সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। পরে ঋণখেলাপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করেন মুহাম্মদ নুরুল আমিন। সেই আপিলের পর ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে।

এরপর নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন সরোয়ার আলমগীর। শুনানি শেষে হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে তার মনোনয়নপত্র গ্রহণ এবং নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দেন।

পরবর্তীতে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন মুহাম্মদ নুরুল আমিন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ মঞ্জুর করে সরোয়ার আলমগীরকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল স্থগিত রাখার নির্দেশ দেন।

সবশেষে গত ৯ জুলাই হাইকোর্ট সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। আর বুধবার আপিল বিভাগ দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আবেদন কার্যতালিকা থেকে বাদ দেওয়ায় সংসদ সদস্য হিসেবে তার দায়িত্ব পালনের পথে সব আইনি বাধা দূর হলো।