আইন আদালত

মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার হাইকোর্টের রায় আজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:৩৮ এএম

মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার হাইকোর্টের রায় আজ
ছবি: সংগৃহীত

মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ সোমবার (৩০ আগস্ট) ঘোষণা করা হবে।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

এর আগে ২৫ আগস্ট মামলাটির রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছিল। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়। মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড অনুমোদন সংক্রান্ত নথি ও আপিলের ওপর শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন হাইকোর্ট।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক জানান, মামলায় সাক্ষীদের জবানবন্দি, হিটু শেখের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং চিকিৎসা প্রতিবেদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় হাইকোর্টেও বহাল থাকবে।

তবে আসামি হিটু শেখকে খালাস দেওয়ার আবেদন জানিয়েছেন তার পক্ষে রাষ্ট্রীয় খরচে নিয়োজিত আইনজীবী হাফিজুর রহমান খান।

আছিয়ার মৃত্যুর পর তার বোনের শ্বশুর হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়। মামলায় আছিয়ার বড় বোন হামিদাসহ মোট ২৯ জন সাক্ষ্য দেন। এছাড়া হিটু শেখ ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

২০২৫ সালের ১৭ মে মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। একই রায়ে অপর তিন আসামি—আছিয়ার বোনের স্বামী সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।

ট্রাইব্যুনালের রায়ের চার দিন পর মামলার যাবতীয় নথি মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়। সেই নথি ও আসামির আপিলের ওপর শুনানি শেষে আজ রায়ের দিন নির্ধারণ করা হয়েছে।