আইন আদালত

জামিন মেলেনি বিদিশা এরশাদের, থাকতে হচ্ছে কারাগারেই


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পিএম

জামিন মেলেনি বিদিশা এরশাদের, থাকতে হচ্ছে কারাগারেই
ছবি: সংগৃহীত

প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ফলে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে তাকে।

বুধবার (২ সেপ্টেম্বর) আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে গত ২৫ আগস্ট রাতে ঢাকার গুলশানের অ্যারাবিকা কফি রেস্টুরেন্ট থেকে বিদিশা এরশাদকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। প্রতারণার মামলায় দেওয়া সাজা ও গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম প্রতারণার মামলায় বিদিশা এরশাদকে দুই বছরের কারাদণ্ড দেন।

মামলার বাদী ঢাকার পল্লবী এলাকার ব্যবসায়ী এ কে এম মোশাররফ হোসেন সিকদার। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে তিনি গুলশান থানায় বিদিশা এরশাদের বিরুদ্ধে মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, বারিধারায় একটি ফ্ল্যাট দেওয়ার কথা বলে ২০০১ সালের ১০ জুলাই মোশাররফ হোসেনের কাছ থেকে ৭৫ লাখ টাকা নেন বিদিশা। চুক্তি অনুযায়ী ২০০২ সালের ১০ জুলাই ফ্ল্যাটটি হস্তান্তরের কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়া হয়নি।

পরে টাকা ফেরত দেওয়ার জন্য বিদিশা ৭৫ লাখ টাকার একটি চেক দেন। কিন্তু হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় ২০০৫ সালের ২ মে চেকটি প্রত্যাখ্যাত হয়।

অভিযোগে আরও বলা হয়, টাকা ফেরত পাওয়ার জন্য যোগাযোগ করা হলে বাদীকে হুমকি-ধামকি দেওয়া হয়।