জাতীয়
১৮ জুলাই বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট পাবেন গ্রাহকরা
জুলাই গণ–অভ্যুত্থান দিবস শর্তে আগামী ১৮ জুলাই গ্রাহকদের জন্য পুরোপুরি বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট সুবিধা দিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বুধবার (৯ জুলাই) বিটিআরসি’র নির্দেশে মোবাইল অপারেটরদের এমন বিশেষ আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে বিটিআরসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জুলাই গণ–অভ্যুত্থান স্মরণে গ্রাহকদের স্বার্থে “ফ্রি ইন্টারনেট ডে” হিসাবে ১৮ জুলাই ঘোষণা করা হয়েছে। বিটিআরসি–র ভাইস–চেয়ারম্যানের সভাপতিত্বে গত ৮ জুলাই অনুষ্ঠিত এক বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নির্দেশনা অনুযায়ী, ওই দিন মোবাইল অপারেটররা তাদের গ্রাহকদের মাঝে ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রি ডাটা বিতরণ করবে। এছাড়া, গ্রাহকদের আগেই SMS-এর মাধ্যমে এই অফারের বিবরণ জানিয়ে দেয়া হবে। SMS-এ লেখা থাকবে– “জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ১৮ জুলাই ১ জিবি ডাটা ফ্রি। মেয়াদ: ৫ দিন।”
বিটিআরসি ইতোমধ্যে মোবাইল অপারেটরদের সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বানও জানিয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৮ জুলাই কোটাভিত্তিক আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধের ঘটনা ঘটেছিল, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। এবারের এই উদ্যোগের মাধ্যমে সেই স্মৃতি ও বিতর্ককে নতুনভাবে উন্মোচন করা হলো।