জাতীয়

ছেলের পরকীয়া প্রেম ঠেকাতে মা ফোন করে বলেন, ‘বিমানে বোমা’: র‍্যাব (ভিডিও)


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৩:১৬ পিএম

ছেলের পরকীয়া প্রেম ঠেকাতে মা ফোন করে বলেন, ‘বিমানে বোমা’: র‍্যাব (ভিডিও)
সংবাদ সম্মেলনে ব্রিফ করেন র‍্যাবের ডিজি একেএম শহিদুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা থেকে কাঠমান্ডুগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বোমা রয়েছে—এমন মিথ্যা তথ্য দিয়ে যাত্রা স্থগিতের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। অবাক করার মতো বিষয় হলো, এই গুজব ছড়ানোর পেছনে ছিল এক মা, যিনি ছেলের ‘পরকীয়া প্রেম’ ঠেকাতে এমন পথ বেছে নেন।

এ ঘটনায় র‍্যাব তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন- ইমন, তার মা এবং বন্ধু ইমরান। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শনিবার (১২ জুলাই) সকালে রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে র‍্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান জানান, শুক্রবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৩ ফ্লাইটটি কাঠমান্ডুর উদ্দেশে ছাড়ার প্রস্তুতিতে ছিল। ঠিক সেই সময় বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষে একটি ফোন আসে—ফ্লাইটটিতে বোমা আছে বলে জানানো হয়।

ফোন কলে আতঙ্ক ছড়িয়ে পড়লে রানওয়ের ট্যাক্সিওয়েতে থাকা উড়োজাহাজটিকে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। বিমানবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল, এপিবিএনের ডগ স্কোয়াড, এভিয়েশন সিকিউরিটি (এভসেক), র‍্যাবসহ বিভিন্ন সংস্থা দীর্ঘ তিন ঘণ্টা ধরে বিমানে তল্লাশি চালায়। শেষ পর্যন্ত কোনো ধরনের বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

র‍্যাব তদন্তে নেমে জানতে পারে, ইমন নামে এক ব্যক্তি তার প্রেমিকাকে নিয়ে নেপাল যাচ্ছিলেন, যা জানতে পেরে তার মা ও স্ত্রী আপ্রাণ চেষ্টা চালান যাত্রা ঠেকাতে। এক পর্যায়ে ইমনের বন্ধু ইমরান ‘পরামর্শ’ দেন, বিমানবন্দরে বোমা সংক্রান্ত ফোন কল দিলে ফ্লাইট স্থগিত হতে পারে। সেই পরিকল্পনা অনুযায়ী ইমনের মা নিজেই বিমানবন্দরে ফোন করেন।

র‍্যাব প্রধান বলেন, “এটা শুধু একটি বেআইনি কাজই নয়, এটি জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট বিষয়। এ ধরনের কাজ দেশের ভাবমূর্তি ও জাতীয় এয়ারলাইন্সের মর্যাদা ক্ষুণ্ন করে। ভবিষ্যতে কেউ এমন কাজ করলে কঠোর শাস্তি দেওয়া হবে।”