জাতীয়

দুর্ঘটনার তথ্য গোপন বা লুকানোর কিছু নেই: বিমান বাহিনী প্রধান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১০:৫৯ পিএম

দুর্ঘটনার তথ্য গোপন বা লুকানোর কিছু নেই: বিমান বাহিনী প্রধান
প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। ছবি: সংগৃহীত

সাম্প্রতিক বিমান দুর্ঘটনার বিষয়ে জনমনে ছড়িয়ে পড়া বিভ্রান্তি ও গুজব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি দৃঢ়ভাবে বলেছেন, “এখানে লুকানোর কিছু নেই, কার কাছে বা কেন গোপন করব? আমরা সবাই এই দেশের মানুষ।”

মঙ্গলবার (২২ জুলাই) সকালে শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জানাজা শেষে রাজধানীর কুর্মিটোলায় বীর উত্তম এ কে খন্দকার বিমান ঘাঁটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিমান বাহিনী প্রধান।

তিনি বলেন, “দুর্ঘটনার সময় বা পরে অনেকে গুজব ছড়াচ্ছেন, বিভ্রান্তি তৈরি করছেন। দয়া করে গুজবে কান দেবেন না। দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে থাকা একটি গুরুত্বপূর্ণ বাহিনীকে দুর্বল করার চেষ্টা করবেন না।”

বিমান বাহিনীর রক্ষণাবেক্ষণ নিয়ে কিছু মহলে প্রশ্ন উঠলেও, বিষয়টি স্পষ্ট করে দেন তিনি। বলেন, “প্রতিটি বিমানের নির্দিষ্ট একটি ‘লাইফ টাইম’ থাকে। সেটা এক যুগ হোক বা দুই যুগ— মূল বিষয়টি হলো সঠিক রক্ষণাবেক্ষণ। আমরা কখনোই রক্ষণাবেক্ষণে ছাড় দিই না। আমাদের টেকনিক্যাল টিম অত্যন্ত দক্ষভাবে প্রতিটি বিমান মেরামত করে থাকে। প্রযুক্তি হয়তো আপডেট হচ্ছে, তবে এসব বিমান ‘পুরোনো’ নয়।”

বিমান দুর্ঘটনার কারণ জানতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান বিমান বাহিনী প্রধান। তিনি বলেন, “তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। কোনো ভুল-ত্রুটি থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

প্রয়াত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের বীরত্বের প্রশংসা করে এয়ার চিফ বলেন, “তৌকির নিজের জীবন দিয়ে চেষ্টা করেছিলেন যাতে বিমানটি জনবহুল এলাকায় না পড়ে। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন বিমানটিকে একটি খালি জায়গায় নিতে। তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন দেশের জন্য।”