জাতীয়
‘টাকা তুলে হাসিনাকে আবার ফেরাবো’ বলা তরুণসহ গ্রেফতার ৪
ঢাকার সচিবালয়ে শিক্ষার্থীদের এক বিক্ষোভ কর্মসূচির সময় হামলা, গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে চার তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন সেই শিক্ষার্থী, যিনি বলেন, “টাকা তুলে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে আনবো।”
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারদের আদালতে হাজির করে তাদের কারাগারে পাঠানোর আবেদন করা হবে।
গ্রেফতার চারজন হলেন- বাহ্মণবাড়িয়ার বর্ডার বাজার থানাধীন মধ্যপাড়ার বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে আশিকুর রহমান তানভীর (১৯), বরিশালের বাবুগঞ্জ থানাধীন দেহেরগতী এলাকার বাসিন্দা ফ্রান্সেস সিকদারের ছেলে জেফরী অভিষেক সিকদার (২১), কুমিল্লার লাকসাম থানাধীন পশ্চিমগাঁও এলাকার বাসিন্দা আমির হোসেনের ছেলে আবু সফিয়ান (২১) ও মুরাদনগর থানাধীন সালিয়াকান্দি ইউনিয়নের নিয়ামত কান্দির বাসিন্দা মৃত নূর নবীর ছেলে মো. শাকিল মিয়া (১৯)।
জানা গেছে, গত ২২ জুলাই রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে “মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়” কর্মসূচি পালন করে। প্রথমে শিক্ষা বোর্ড ও শিক্ষাভবনের সামনে অবস্থান নেওয়ার পর তারা সচিবালয়ের মূল গেট লক্ষ্য করে এগিয়ে যান।
পুলিশ জানায়, আন্দোলনকারীদের সচিবালয়ে প্রবেশে বাধা দেওয়া হলেও তারা পুলিশের ব্যারিকেড ভেঙে মূল গেটে এসে ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়, যার ফলে বেশ কয়েকজন আহত হন। এছাড়া সরকারি গাড়ি ভাঙচুর এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও আনা হয়েছে।
ঘটনার পরদিন মঙ্গলবার শাহবাগ থানায় প্রায় ১২০০ জনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ। পরদিন আদালত এজাহার গ্রহণ করে এবং তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৮ আগস্ট পর্যন্ত সময় নির্ধারণ করেন।
এই ঘটনায় শাকিল মিয়ার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে তিনি বলেন, “যদি শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করেন, আমরা সবাই টাকা তুলে শেখ হাসিনাকে আবার আনবো, কারণ শেখ হাসিনা ভালো ছিলেন।”