জাতীয়
মাইলস্টোন দুর্ঘটনা: ছেলেকে আনতে গিয়ে নিখোঁজ মায়ের লাশ মিলল ডিএনএ টেস্টে
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ হওয়া মা আফসানা আক্তার প্রিয়ার (৩০) মরদেহ অবশেষে শনাক্ত হয়েছে। ছেলেকে স্কুল থেকে আনতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।
দুর্ঘটনার তিন দিন পর বৃহস্পতিবার (২৪ জুলাই) ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করে সিআইডির ফরেনসিক বিভাগ।
ঘটনার দিন স্কুলে যাচ্ছিলেন আফসান ওহির মা প্রিয়া। তৃতীয় শ্রেণিতে পড়া ওহিকে আনতে স্কুলের সামনে পৌঁছালেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর মুহূর্তেই আগুন ধরে যায় আশপাশে, ছড়িয়ে পড়ে আতঙ্ক। সেই সময় থেকেই নিখোঁজ ছিলেন আফসানা। পরিবার, আত্মীয়স্বজন ও পরিচিতজনেরা বিভিন্ন হাসপাতালে খোঁজ করেও তার সন্ধান পাননি। ছোট্ট আফসান তখন থেকে শুধু বলছিল, “আমার মা কোথায়?”
সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. জসিম উদ্দিন খান জানান, নিখোঁজদের পরিচয় শনাক্তে ঘটনাস্থল ও ঢাকা সিএমএইচে রক্ষিত অজ্ঞাত মরদেহ ও দেহাংশ থেকে ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। এরপর নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের ডিএনএ প্রোফাইলের সঙ্গে এসব নমুনা মিলিয়ে দেখা হয়। আফসানার বাবা-মায়ের দেওয়া ডিএনএ নমুনার সঙ্গে মিল পাওয়ার পর তার মরদেহ শনাক্ত করা সম্ভব হয়।
আফসানা আক্তারের সঙ্গে আরও চার নারীর পরিচয়ও শনাক্ত হয়েছে ডিএনএ পরীক্ষায়। এদের সবাই ছিলেন ওই দুর্ঘটনার শিকার। কেউ শিক্ষার্থী, কেউ অভিভাবক। তাদের জীবনের গল্পও থেমে গেছে সেই বিকেলেই।