জাতীয়

বেঈমানি হবে না, শহীদদের স্বপ্ন আমাদের দ্বারাই বাস্তবায়িত হবে: চীফ প্রসিকিউটর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৯:৪৮ পিএম

বেঈমানি হবে না, শহীদদের স্বপ্ন আমাদের দ্বারাই বাস্তবায়িত হবে: চীফ প্রসিকিউটর
চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ছবি: সংগৃহীত

প্রসিকিউশনের ওপর আস্থা রাখার অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি হবে না, তাদের স্বপ্ন আমাদের দ্বারাই বাস্তবায়িত হবে।

শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, “জুলাই অভ্যুত্থানে শহীদ যারা হয়েছেন, তারা ক্ষতিপূরণের জন্য নয়— বৈষম্যহীন, ন্যায্যতার ভিত্তিতে একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন। শহীদ পরিবারের সদস্যদের বলব— কারও কাছে হাত পাতবেন না, আপোষ করবেন না। জাতি হিসেবে এটা আমাদের দায়, আমরা এই দায় এড়াতে পারি না।”

বিচার প্রক্রিয়া নিয়ে শহীদ পরিবারগুলোর হতাশা ও ক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, “গণহত্যার বিচার বিশ্বের সবচেয়ে জটিল কাজগুলোর একটি। তবুও আমরা মাত্র ৬ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। আগামী ২৩ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হবে, যা সরাসরি সম্প্রচার করা হবে।”

তিনি আরও বলেন, “আমরা আওয়ামী লীগের মতো কলঙ্কিত ট্রাইব্যুনাল চাই না। আমাদের প্রসিকিউশন টিম কোনোভাবেই দুর্নীতিগ্রস্ত হবে না। আওয়ামী লীগ কোটি টাকা দিলেও এই টিমকে কিনতে পারবে না।”

শহীদদের স্বপ্ন পূরণে প্রসিকিউশনের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে তাজুল ইসলাম বলেন, “আমরা ন্যায়বিচার নিশ্চিত করবই। জাতি আজ যেভাবে জেগে উঠেছে, তাতে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না।”