জাতীয়
উৎস নেই, তবু রাদওয়ানের ব্যাংকে সাড়ে ১২ কোটি টাকা
শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সাড়ে ১২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (২৮ জুলাই) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন মামলাটি দায়ের করেন।
দুদকের নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, রাদওয়ান মুজিব সিদ্দিক কোনো স্বীকৃত পেশা বা ব্যবসার সঙ্গে যুক্ত না থাকা সত্ত্বেও তার নামে তিনটি ব্যাংক হিসাবে মোট ১২ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ৫৪৯ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। এ ছাড়া তার নামে ২ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৩৫৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। এসব লেনদেন ও সম্পদ অর্জনের মাধ্যমে তিনি অর্থের প্রকৃত উৎস গোপন করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
একই দিনে, পৃথক এক মামলায় সরকারি জমি দখল করে দীর্ঘ ১৬ বছর ভাড়া দিয়ে প্রায় ৩৭ কোটি ৪৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। রাজধানীর পল্লবীর ঝিলপাড় এলাকার সাত একর সরকারি জমিতে অবৈধভাবে বস্তি নির্মাণ করে দীর্ঘদিন ধরে ভাড়া আদায় করেন তারা।
এই মামলার অপর তিন অভিযুক্ত হলেন— জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী প্রকৌশলী ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী প্রকৌশলী কাজী মো. আবু হানিফ এবং গণপূর্ত অধিদপ্তরের সাবেক উপবিভাগীয় প্রকৌশলী মো. হারিজুর রহমান।
দুদকের মহাপরিচালক বলেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত অধিদপ্তরের একাধিক সাবেক প্রকৌশলীর যোগসাজশে সরকারি জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল এবং সেখান থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করা হয়েছে। এসব দুর্নীতির ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।