জাতীয়
বেনজীর আহমেদের ডক্টরেট ডিগ্রি স্থগিত করল ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি অর্জনের প্রক্রিয়ায় ভর্তির যোগ্যতা পূরণ না করায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ডিগ্রি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের গত ২০ জুলাইয়ের সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে ডিগ্রি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানান, গঠিত তথ্যানুসন্ধান কমিটির রিপোর্টে উঠে এসেছে যে বেনজীর আহমেদ তার ভর্তি ফরমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। তার শিক্ষাগত যোগ্যতার তথ্য সঠিকভাবে উপস্থাপন করা হয়নি এবং প্রয়োজনীয় একাডেমিক মানদণ্ড পূরণ না করেই তিনি ভর্তির সুযোগ পান।
কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ডিবিএ প্রোগ্রামে ভর্তির জন্য আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েট পর্যায়ে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক। কিন্তু বেনজীর আহমেদ এই শর্ত পূরণ করতে ব্যর্থ হন। এ অবস্থায় তার ডিগ্রি বৈধতা হারায়।
এই বিষয়ে অধিকতর তদন্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। অন্যান্য সদস্যরা হলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহমদ।
তদন্ত কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট জমা না হওয়া পর্যন্ত বেনজীর আহমেদের ডিবিএ ডিগ্রি স্থগিত থাকবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রসঙ্গত, দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে বেনজীর আহমেদের বিপুল সম্পদের তথ্য উঠে আসার পর তার বিরুদ্ধে নানা অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। এবার শিক্ষাগত যোগ্যতা নিয়েও শুরু হলো বিতর্ক।