জাতীয়

জুলাই বৈষম্যের বিরুদ্ধে তীব্র এক বিস্ফোরণ : ফারুকী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ০৯:০৬ পিএম

জুলাই বৈষম্যের বিরুদ্ধে তীব্র এক বিস্ফোরণ : ফারুকী
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, "জুলাই বৈষম্যের বিরুদ্ধে তীব্র এক বিস্ফোরণ, প্রতিবাদের প্রবল উচ্চারণ। জুলাই আমাদের চেতনা, আমাদের প্রেরণা। ২০২৪ সালের জুলাইয়ে তরুণরা আবারও রক্তস্নাত এ পলল ভূমিতে মুক্তির বীজ বপণ করেছে। তারা দীপ্ত কণ্ঠে বলেছে— জীবন যেখানে দ্রোহের প্রতিশব্দ, সেখানেই মৃত্যুও শেষ কথা নয়। ‘মাতৃভূমি অথবা মৃত্যু’— এই সাহসী অঙ্গীকারে জুলাইয়ে তরুণরা রচনা করেছে সাফল্যের এক মহাকাব্য।"

শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠী আয়োজিত চারদিনব্যাপী ‘জুলাই জাগরণ কালচারাল ফেস্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফারুকী বলেন, “ফ্যাসিস্ট আরোপিত কালচারাল হেজিমনির ফ্রেম ভেঙে দেশজ সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। এজন্য বাংলাদেশের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “মুজিববাদকে পরাজিত করতে হলে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে এগিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম। আরও বক্তব্য রাখেন সাদিক কায়েম, আজিজুর রহমান আজাদ, নূরুল ইসলাম প্রমুখ।

চারদিনব্যাপী এ আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, চলচ্চিত্র প্রদর্শনী, স্মৃতিচারণ, স্টল, গ্রাফিতি অঙ্কনসহ নানা আয়োজন রাখা হয়েছে।